শ্রমিকের মৃত্যুর গুজব এবং ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, জরুন, শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ অবস্থায় জেলার ২৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ ঘটনার পর সংশ্লিষ্ট কারখানা ও আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর, মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া জেলার ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.