দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ফিরছে ঘরোয়া ফুটবল। দুপুর আড়াইটায় মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবার মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। এরপর সংস্কারকাজের জন্য দীর্ঘ সময় বন্ধ রাখা হয় দেশের ফুটবলের অন্যতম প্রধান এই ভেন্যু।
প্রায় চার বছর ধরে ১৫৮ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষে গত বছরের জুনে স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ভেন্যুটি হস্তান্তর করা হয়েছিল।
ক্লাব ও সমর্থকদের পক্ষ থেকে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরানোর দাবি থাকলেও গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ পর্যন্ত সেখানে কেবল আন্তর্জাতিক ফুটবল আয়োজন করে বাফুফে। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১২ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামে নতুন টার্ফ বসানো হয়। অবশেষে জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের সাতটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
ম্যাচ দেখতে দর্শকদের জন্য স্টেডিয়ামের ১৪ ও ১৮ নম্বর গেট খোলা থাকবে। তবে ফেডারেশন কাপের নকআউট পর্বের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.