সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ করেছে দলটি। এই কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্যের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সাথে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছে তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্য, বিশেষ করে জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান জানিয়েছি। একই সঙ্গে, গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটি।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, সেই লড়াই এখনও করতে হচ্ছে। ওই লড়াই ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষের শক্তির মধ্যে। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। একই সঙ্গে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। তাই সংস্কার অত্যন্ত জরুরি। শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী ছিলেন। তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করতে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নিতে হবে।
তিনি অভিযোগ করেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং একটি স্বৈরাচারী ও গণহত্যাকারী দলকে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। ফলে এই বিষয়টাকে শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপির বিষয় না, বরং এটা এখন একটা ভূ-রাজনৈতিক জায়গায় গিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.