দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এই তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন- আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।

এ তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বলেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। এ জন্য রাষ্ট্রপক্ষ থেকে চার্জগঠন বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ছাড়াও এই আসামি ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনেদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করার অভিযোগ আনা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.