ইন্টারনেট ছাড়াই ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে নতুন সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামের এ সুবিধার আওতায় গ্রাহকরা ডেটা শেষ হওয়ার পরও সীমিত পরিসরে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করতে পারবেন।

সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানিয়েছে।

মেটার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চালু করা এ সেবাটি রবি ও এয়ারটেল ব্র্যান্ডের গ্রাহকদের জন্য প্রযোজ্য। এতে গ্রাহকের ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বেসিক মোডে চলে যাবে। এ মোডে নির্ধারিত দৈনিক সীমার মধ্যে ফিড দেখা, স্ক্রল করা এবং বিভিন্ন আপডেট পাওয়ার সুবিধা থাকবে।

নতুন ডেটা প্যাক কেনার আগপর্যন্ত গ্রাহকদের ইনস্টাগ্রামে সংযুক্ত রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থেকেই সরাসরি মোবাইল রিচার্জ বা টপ-আপ করার প্রক্রিয়াও সহজ হবে।

মেটার বিভিন্ন অ্যাপের সঙ্গে রবির বিদ্যমান ডিজিটাল সেবার ধারাবাহিকতায় নতুন এ সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের জন্য স্বল্প ডেটা ব্যবহার করে ডিজিটাল যোগাযোগ অব্যাহত রাখার সুযোগ আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.