শাহজালালে ৩ কোটি ৭৮ লাখ টাকার সোনা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ১০৬ গ্রাম। বর্তমান বাজারে এসব সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটের যাত্রী মোহাম্মেদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে নেন সিআইআইডির কর্মকর্তারা।

ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়। পাশাপাশি শরীরে অবৈধ কোনো পণ্য লুকানো আছে কি না, তা নিশ্চিত করতে তাকে স্ক্যান করা হলে নিজের কাছে সোনার বার থাকার কথা স্বীকার করেন তিনি। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। এরপর কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে গণনা করলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধার করা সোনার বারগুলোর মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.