পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা, ড্রোন ও তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইরান। গত সাত দিনে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ২৫টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির দুটি রাডার ধ্বংসের দাবিও করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের ধারাবাহিক হামলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে গেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারেও বাড়ছে অনিশ্চয়তা।
সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বাহরাইন। শনিবার দেশটির রাজধানী মানামার একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন ধরে যায়। একই দিনে আরও কয়েকটি হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন কর্তৃপক্ষ।
অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি এলাকায় মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।
ইরানের দাবি, দেশটির হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
এ ছাড়া শনিবার ইরানের সেনাবাহিনী দাবি করে, উপসাগরের আকাশে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে।
রোববার হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। আইআরজিসির হিসাবে, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ধ্বংস করা হয়েছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। ফলে এই নৌপথে সংঘাতের প্রভাব সরাসরি পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি অতিক্রম করেছে ২৬৩টি জাহাজ। আগের সপ্তাহের তুলনায় যা ১৫ শতাংশ কম। একই সময়ে তেলবাহী জাহাজের সংখ্যা ৫২টি থেকে কমে দাঁড়িয়েছে ৩৭টিতে।
যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩৫টি জাহাজ এই প্রণালি অতিক্রম করত।
নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজের বিমা ব্যয়ও অস্বাভাবিক হারে বেড়েছে। যুদ্ধের আগে যেখানে বিমার হার ছিল শূন্য দশমিক ১০ থেকে শূন্য দশমিক ২৫ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশে।
সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরে তা ৮৩ ডলারে নামলেও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ১৫ ডলারের বেশি রয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হিসাবে, সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে এ পর্যন্ত ২৮০ কোটি ব্যারেল তেল এবং ৬ হাজার কোটি ঘনমিটার গ্যাসের সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক হামলার পেছনে প্রধানত দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতার ওপর চাপ তৈরি করা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর ওপর অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ বাড়ানো।
বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো রামি খৌরি আল-জাজিরাকে বলেছেন, ইরান এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে যুদ্ধের ক্ষতি শুধু তেহরানকে বহন করতে না হয়। বরং জাহাজ পরিবহনের ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সরবরাহে সংকটের মাধ্যমে পুরো অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়।
তার মতে, উপসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক স্থাপনা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা তুলে ধরতে চাইছে ইরান। এতে আরব দেশগুলো যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধকে যুদ্ধের শামিল মনে করে তেহরান। এই অবরোধ ভাঙতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
মার্কিন নৌ-অবরোধ, স্থলপথে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়া এবং নতুন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি চাপে রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।
তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, অর্থনৈতিক চাপ মোকাবিলার সক্ষমতা তাদের রয়েছে।
ইরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার দিকেও ঝুঁকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানিরা সব সময় কথা বলে যায়, তারা শুধু কথাই বলে।’
যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরানের তেলবাহী জাহাজগুলো মার্কিন অবরোধ পরীক্ষা করতে এগিয়ে আসবে। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি করতে চান, যা দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। তবে ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে তিনি কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না বলেও মন্তব্য করেন।
ইরানের হামলা বৃদ্ধি এবং ট্রাম্পের নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়নি।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি মনে করেন, ট্রাম্প চাইলে বিজয় ঘোষণা করে সংঘাত থেকে সরে আসতে পারেন। কিন্তু ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
তার মতে, নতুন সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে নৌ-অবরোধ শিথিল এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে যেতে হবে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ানও মনে করেন, ইরান ট্রাম্প প্রশাসনকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র তেলবাহী জাহাজ চলাচলে বাধা না দিলে অবরোধ কার্যত দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে জাহাজে হামলা চালালে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে ওয়াশিংটনকে।
এদিকে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদ। তার অভিযোগ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান ও মার্কিন সেনাসদস্যদের নিরাপত্তার চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
সব মিলিয়ে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধের ভবিষ্যৎই এখন সংঘাতের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের এই সংকট আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.