ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ সুবিধা দিতে ল্যাবএইড গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় নির্ধারিত হারে ছাড় পাবেন ক্রীড়াবিদ ও তাদের পরিবারের সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
চুক্তি অনুযায়ী, ল্যাবএইড হাসপাতালের বহির্বিভাগে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাবেন ক্রীড়া কার্ডধারীরা। এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসনোগ্রাফিসহ নির্দিষ্ট কিছু পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। হাসপাতালে ভর্তি রোগীদের শয্যা ভাড়ার ক্ষেত্রেও থাকবে বিশেষ সুবিধা।
ল্যাবএইড ক্যানসার হাসপাতালেও প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও বিভিন্ন রোগনির্ণয় পরীক্ষায় ছাড় পাবেন তারা। পাশাপাশি ভর্তি রোগীদের শয্যা ভাড়া এবং কেমোথেরাপির ডে-কেয়ার সেবায়ও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টেলিমেডিসিন সেবায় বিশেষ সুবিধা পাবেন ক্রীড়াবিদ ও তাদের পরিবারের সদস্যরা। এর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের সাক্ষাতের সময় নির্ধারণ, বাসা থেকে নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং নির্ধারিত ছাড়ে বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার সেবা।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, নির্বাচনী ইশতেহারে ক্রীড়ার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার চায়, খেলাধুলা যেন শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম না হয়ে সম্মানজনক পেশা ও জীবিকার ক্ষেত্র হয়ে ওঠে।
তিনি জানান, ইতোমধ্যে খেলোয়াড়দের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা ও ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তার মতে, এই উদ্যোগ ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি, সম্মান ও দায়িত্ববোধের প্রকাশ।
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলোয়াড়দের কল্যাণে প্রশিক্ষণের পাশাপাশি চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়া কার্ডের মাধ্যমে ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.