টেকনাফে বিজিবির অভিযানে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলবক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। এসব সরঞ্জাম মিয়ানমার থেকে সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

বিজিবির ভাষ্য, এ অভিযানের মধ্য দিয়ে সম্ভাব্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করা সম্ভব হয়েছে।

অভিযানস্থল থেকে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। যানবাহনগুলোর চালকদেরও আটক করা হয়েছে। তবে অস্ত্র ও বিস্ফোরক মজুতের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে, নাকি তারা কেবল পরিবহনের দায়িত্বে ছিলেন, তা যাচাই করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.