শুধু ব্যাংক হিসাব খোলার সুযোগ তৈরি করলেই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয় না। সেবার উচ্চ খরচ, জটিল কাগজপত্র, জামানতের কঠিন শর্ত এবং গ্রাহকের প্রয়োজনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পণ্যের কারণে অনেক মানুষ আর্থিক সেবা ব্যবহার করতে পারছেন না। এসব বাধা দূর করে ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) বার্ষিক আন্তর্জাতিক প্রচারাভিযান ‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’-এ অংশ নিয়ে এ আহ্বান জানায় ব্যাংকটি। এবারের প্রচারাভিযানের প্রতিপাদ্য ‘ফেসেস অব ইনক্লুশন’। এতে আর্থিক অন্তর্ভুক্তির পথে বিভিন্ন বাধা এবং সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আর্থিক সেবা সহজ করার উপায় তুলে ধরা হয়েছে।
জিএবিভির একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে ২০০৯ সাল থেকে জোটটির প্রতিষ্ঠাতা সদস্য ব্র্যাক ব্যাংক। বিশ্বের অন্যান্য মূল্যবোধভিত্তিক ব্যাংকের সঙ্গে এবারের প্রচারাভিযানেও অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে মানুষ বাদ পড়ার কারণ নিয়ে জিএবিভির জরিপে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এর মধ্যে সেবার খরচ, কাগজপত্রের জটিলতা, জামানতের শর্ত এবং গ্রাহকের চাহিদার সঙ্গে আর্থিক সেবার অসামঞ্জস্য বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক।
তিনি বলেন, এসব তথ্য আর্থিক সেবা গ্রহণের বাধাগুলো বুঝতে, স্থানীয় বাজারের বাস্তবতায় সেগুলো বিশ্লেষণ করতে এবং কার্যকর সমাধান খুঁজে পেতে সহায়তা করবে। সুবিধাবঞ্চিত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আর্থিক সেবাকে আরও সহজলভ্য, প্রাসঙ্গিক ও কার্যকর করতেও এ জরিপ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জিএবিভির জরিপে আর্থিক অন্তর্ভুক্তির চিত্র
আর্থিক অন্তর্ভুক্তির বিভিন্ন দিক ও প্রতিবন্ধকতা চিহ্নিত করতে ৪৮টি দেশের ৭৪টি সদস্য প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়েছে জিএবিভি। এতে জোটটির ৮৯ শতাংশ সদস্য অংশ নেয়। জরিপে দেখা গেছে, শুধু আর্থিক সেবা পাওয়ার সুযোগ থাকলেই প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত হয় না।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৩৬ শতাংশ আর্থিক সেবার অভাবকে অন্তর্ভুক্তির পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। তবে প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠান জানিয়েছে, সেবা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে মানুষ ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।
জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, আর্থিক সেবাগুলো মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়নি। ১৪ শতাংশ আস্থার অভাব বা সেবা ব্যবহারে অনীহাকে এবং ৮ শতাংশ উচ্চ খরচকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে।
এ ছাড়া ৬২ শতাংশ প্রতিষ্ঠান জামানত ও যোগ্যতার কঠিন শর্তকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। কাগজপত্র ও আইনি পরিচয়পত্রের জটিলতার কথা জানিয়েছে ৩৮ শতাংশ এবং আর্থিক সেবার উচ্চ খরচের কথা বলেছে ২৯ শতাংশ প্রতিষ্ঠান।
জিএবিভির নির্বাহী পরিচালক মার্টিন রোনার বলেন, কতজন মানুষ আর্থিক ব্যবস্থার আওতায় এলেন, শুধু তা দিয়ে অন্তর্ভুক্তি পরিমাপ করা যায় না। বরং সেবার আওতায় আসার পর তা মানুষের কতটা কাজে লাগছে, সেটিই গুরুত্বপূর্ণ। আর্থিক সেবা সহজলভ্য, সাশ্রয়ী এবং মানুষের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। এবারের প্রচারাভিযানে পরিসংখ্যানের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি ও বঞ্চনার বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
আর্থিক বঞ্চনায় বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি
জরিপে আর্থিক সেবা থেকে বাদ পড়ার অর্থনৈতিক প্রভাবও উঠে এসেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের এক-তৃতীয়াংশ জানিয়েছে, আর্থিক বঞ্চনার কারণে মানুষের অর্থনৈতিক ঝুঁকি ও অসহায়ত্ব বাড়ে।
এ ছাড়া ১৮ শতাংশ প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক বা চড়া সুদের ঋণের ওপর নির্ভরতা, ১৪ শতাংশ সাশ্রয়ী ঋণের অভাব এবং ১২ শতাংশ মূলধারার অর্থনীতি ও কর্মসংস্থানে সীমিত অংশগ্রহণকে এর প্রভাব হিসেবে উল্লেখ করেছে। ব্যবসা শুরু বা সম্প্রসারণে বাধা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হওয়ার বিষয়টি চিহ্নিত করেছে ১১ শতাংশ প্রতিষ্ঠান।
উন্নত ও উন্নয়নশীল—উভয় ধরনের বাজারেই বিভিন্ন শ্রেণির মানুষ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন বলে জরিপে উঠে এসেছে। এর মধ্যে নিম্নআয়ের ব্যক্তি ও পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে মনে করে ৫৩ শতাংশ প্রতিষ্ঠান। এ ছাড়া অভিবাসী ও শরণার্থীদের কথা বলেছে ৪৫ শতাংশ, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কথা ৪১ শতাংশ, নারীদের কথা ২৯ শতাংশ এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কথা ২৪ শতাংশ প্রতিষ্ঠান।
অন্তর্ভুক্তি বাড়াতে সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব
আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে কয়েকটি কার্যকর পদ্ধতিও চিহ্নিত করেছে মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো। জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে সম্পর্কভিত্তিক ব্যাংকিংকে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশেষায়িত আর্থিক পণ্যের কথা বলেছে ৫০ শতাংশ এবং আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক কার্যক্রমের কথা জানিয়েছে ৪১ শতাংশ প্রতিষ্ঠান।
জরিপের ফলাফলে বলা হয়েছে, শুধু ব্যাংক হিসাব খোলার সংখ্যা বাড়ানোর পরিবর্তে এমন সেবা নিশ্চিত করা প্রয়োজন, যা গ্রাহকের জন্য সাশ্রয়ী, সহজবোধ্য এবং বাস্তব জীবনে ব্যবহারযোগ্য।
‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’-এ অংশগ্রহণের মাধ্যমে দেশে আর্থিক বঞ্চনা কমানো এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের প্রসারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.