কাল থেকে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বিক্রি ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। আগামীকাল রবিবার (২২ নভেম্বর) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে। এতে দেশের বিভিন্ন এলাকার চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামীকাল সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের ভূমিকা অনেক বড়। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের আওতাভুক্ত। শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশই এ খাতের সঙ্গে যুক্ত। এ খাতে কাজ করছেন প্রায় ৩ কোটি ৬ লাখ মানুষ। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

তিনি আরও বলেন, দেশের এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে ব্যবসা পরিচালনা করেন। তাদের প্রায় ৬৫ শতাংশ উদ্যোক্তা অনানুষ্ঠানিক খাতে রয়েছেন। এ কারণে তাদের ব্যবসার উন্নয়ন, অর্থায়ন এবং পণ্যের বাজার বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন। এদের মধ্যে ৬০ শতাংশই নারী।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। এতে প্রবেশের জন্য কোনো টিকিট বা ফি দিতে হবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.