পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, গণনায় ৫৪০ জন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আবারও মিলেছে বিপুল পরিমাণ দান। প্রায় পাঁচ মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে এসব টাকা গণনার কাজ শুরু হয়েছে। নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা।

শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

দানবাক্স থেকে পাওয়া অর্থ ৫১টি বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে শুরু হয় গণনার কাজ। এ কাজে অংশ নিয়েছেন মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা। টাকা গণনার পাশাপাশি পুরো কার্যক্রমের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মসজিদ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দিনভর গণনা কার্যক্রম শেষে শনিবার সন্ধ্যায় দানের মোট পরিমাণ জানা যাবে।

এর আগে গত ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া ৪৩ বস্তা টাকা গণনা করে মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। ওইবারও নগদ অর্থের সঙ্গে স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রা মিলেছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.