সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমানই আধুনিক সেনাবাহিনীর মূল ভিত্তি স্থাপন করেছিলেন।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের অবদান অপরিসীম। ৭ নভেম্বর বহুদলীয় গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের মতপ্রকাশের পথ উন্মুক্ত করেছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে রিজভী বলেন, যারা দেশের সার্বভৌমত্ব দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীর আকাঙ্ক্ষা রয়েছে। যারা অন্যের পদতলে আত্মসমর্পণ কিংবা দাসত্ব মেনে নিতে চায়, তাদের এ বাস্তবতা মনে রাখা উচিত।
সমাবেশ শেষে বিএনপির র্যালিটি বিজয়নগর থেকে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.