নাসডাকে প্রথম দিনেই ১৭ শতাংশ বাড়ল অ্যানথ্রপিকের শেয়ারদর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারদর নাসডাকে লেনদেন শুরুর প্রথম দিনেই ১৭ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে অভিষেকের দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দাঁড়ায় ৯৭ দশমিক ১৭ ডলারে। এদিন কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।

‘এএনটি’ (ANT) টিকার প্রতীকে লেনদেন শুরু করা অ্যানথ্রপিকের শেয়ার প্রথম দিনেই ১১১ দশমিক ৫০ ডলারে লেনদেন শুরু হয়। এর আগে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করে। বুধবার প্রতিটি শেয়ার ৮৩ ডলার দরে মোট ৯৮ কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি।

বাজারে প্রথম দিনেই অ্যানথ্রপিকের ৮৪ কোটি ৬০ লাখের বেশি শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্য দিয়ে গত জুনে নাসডাকে অভিষেক হওয়া স্পেসএক্সের প্রথম দিনের ৫২ কোটি ২০ লাখ শেয়ার লেনদেনের রেকর্ডও ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

এআই মডেল ও পণ্য ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিকের বয়স মাত্র পাঁচ বছর। তবে চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবসা ও বাজারমূল্যে দ্রুত প্রবৃদ্ধি দেখা গেছে। কোম্পানির প্রসপেক্টাস অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তাদের আয় হয়েছে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ হাজার ২০০ শতাংশ।

২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই এবং ওপেনএআই থেকে বেরিয়ে আসা একদল গবেষক। বর্তমানে এআই খাতে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআই।

তবে নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা বিষয়ে অ্যানথ্রপিকের অবস্থান নিয়ে সমালোচনাও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির অবস্থানের সমালোচনা করেছেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.