কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে কৃষিঋণ নীতিমালায় নতুন পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় কৃষি ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিদের ঋণপ্রাপ্তি সহজ করতে ইউনিয়ন পর্যায়ে ঋণ কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তাদের ক্যাম্প পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ বিষয়ে নতুন সার্কুলার জারি করে।
নতুন নীতিমালায় কৃষিঋণের অর্থ বিতরণে ফসল উৎপাদন, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানও ঋণ সুবিধার আওতায় আসবে।
নীতিমালা অনুযায়ী, মোট কৃষিঋণ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ ফসল খাতে, ১৫ শতাংশ কৃষি যন্ত্রপাতিতে, ১০ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে। এর বাইরে কৃষি উপকরণ, কৃষিসংশ্লিষ্ট সেবা, প্রযুক্তি, ডিজিটাল সেবা, প্রিসিশন ফার্মিং, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ও কৃষি ভ্যালু চেইনভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
কৃষি ভ্যালু চেইনের আওতায় শুধু উৎপাদন পর্যায় নয়, বরং কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতি ঋণ নিতে পারবে। এমনকি চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরাও এ সুবিধার আওতায় থাকবেন।
প্রকৃত কৃষকদের কাছে ঋণ সুবিধা পৌঁছে দিতে নতুন নীতিমালায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের নির্দেশনা রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিরা যাতে সহজে, সময়মতো এবং হয়রানি ছাড়াই ঋণ পান, তা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ঋণসংক্রান্ত তথ্য প্রচার ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংকের শাখা কর্মকর্তাদের ক্যাম্প বসিয়ে কৃষকদের ঋণসংক্রান্ত তথ্য দেওয়া এবং ঋণ বিতরণ করতে হবে।
এ ছাড়া কৃষি মূল্য শৃঙ্খল বা অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিয়ে নীতিমালায় নতুন করে তিনটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।
কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সোলার পাম্প স্থাপনের মাধ্যমে সেচব্যবস্থা গড়ে তুলতে দেওয়া ঋণ কৃষিঋণ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি পরিবেশবান্ধব জৈব সার উৎপাদন ও বিতরণ কার্যক্রমেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যাতে জৈব সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বাড়ানো যায়।
নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে ব্যাংকগুলোকে নির্ধারিত ছকে প্রতিবেদন প্রস্তুত করতে হবে। পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে এসব প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কৃষিঋণ বিতরণ ও আদায় কার্যক্রমের তদারকি জোরদার, আধুনিক কৃষিপ্রযুক্তির প্রসার, টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.