বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২০২৭ সালের ১৬ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ভর্তি কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ এবং সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
এর আগে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন আদালত। আদালতের এ আদেশ ও রিটের বিষয়টি সামনে আসার পর বুয়েট কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করে। ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তির জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের চেয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.