দেশের সেরা বিমানবন্দর লাউঞ্জের স্বীকৃতি পেল এমটিবি এয়ার লাউঞ্জ

‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’-এর ১১তম আসরে বাংলাদেশের সেরা অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জ হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) অঙ্গপ্রতিষ্ঠান এমটিবি এয়ার লাউঞ্জ। দেশের এভিয়েশন ও পর্যটন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারের ‘বেস্ট ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ইন বাংলাদেশ’ ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের এভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘দ্য বাংলাদেশ মনিটর’ এ পুরস্কারের আয়োজন করে। এভিয়েশন খাতের বিভিন্ন সেবা ও মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এ সম্মাননা। নিয়মিত আকাশপথের যাত্রীদের অনলাইন ভোট এবং বিশিষ্ট বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

গত ৮ নভেম্বর রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান এমপি। এতে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী।

এমটিবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. বখতিয়ার হোসেন এবং এমটিবি এয়ার লাউঞ্জ ও ব্র্যান্ডের প্রধান মো. রজার ইবনে আজাদ।

পুরস্কার অর্জন প্রসঙ্গে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. বখতিয়ার হোসেন বলেন, ‘আমাদের সম্মানিত গ্রাহক ও কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আরামদায়ক ও উন্নত করতে নিরলস প্রচেষ্টার স্বীকৃতি এ পুরস্কার। দেশের সেরা অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জ হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন ব্যাংকিং সেবার পাশাপাশি বিশ্বমানের আতিথেয়তা নিশ্চিত করার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।’

এমটিবি এয়ার লাউঞ্জ দেশের প্রধান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ব্যাংকটির প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্নতমানের লাউঞ্জ সুবিধা দিয়ে আসছে। এসব সুবিধার মধ্যে রয়েছে দ্রুতগতির ইন্টারনেট, খাবার ও বিশেষ অতিথিসেবা। এর মাধ্যমে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার পাশাপাশি দেশের এভিয়েশন খাতে উন্নত সেবার মানদণ্ড প্রতিষ্ঠায় কাজ করছে প্রতিষ্ঠানটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.