রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি এএন-১২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা অন্তত ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রিয়া নিউজের এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। জনবসতিহীন একটি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেডিউক জানিয়েছেন, ইয়াগুনোভা গ্রামের কাছাকাছি এলাকায় বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
গভর্নর আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড এবং দুর্যোগ চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অপারেশনাল সদর দপ্তর গঠন করা হয়েছে। তিনি নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে ঘটনাস্থলে নিয়োজিত কর্মীদের মূল দায়িত্ব হলো দুর্ঘটনার তদন্তকাজে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গভর্নর ইলিয়া সেরেডিউক ইয়াগুনোভা গ্রামের কাছে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বিমানটি ওই এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.