নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের প্রস্তাব নাকচ করলেন আইজেনকোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোট। নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর এ অবস্থান নিয়েছে জোটটি।

সোমবার (১৬ নভেম্বর) ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান-কে বিষয়টি নিশ্চিত করেছেন জোটের একাধিক সূত্র।

জোটের কয়েকজন নেতা ঘটনাটিকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।

বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। তার জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও রয়েছে।

কানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের কারণে সমঝোতার সম্ভাবনা আগেই দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও ক্ষুব্ধ আইজেনকোট। সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বৈঠক হলেও তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এর মধ্যে চ্যানেল ১২-এর রোববারের এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় থেকে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইসরায়েলের মুসলিম রাজনৈতিক দল রা’আম পার্টির কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিলেও পুলিশ তা উপেক্ষা করে। পরে জানা যায়, তথ্যের উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক সহকারী।

চ্যানেল ১২ আরও জানায়, বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে শিন বেটপ্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসন কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলো মিলে ১২০ আসনের মধ্যে ৬৭টি আসন পায়।

নির্বাচনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আরব দলগুলোর সমর্থন নিয়ে তিনি সরকার গঠনের সুযোগ পাচ্ছেন। সরকার গঠনের জন্য তার হাতে দেড় মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন। এদিকে আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গিভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.