দেশের ক্ষুদ্র , মাঝারি ও কুটির শিল্পের বিকাশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসকে) জানিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। এ কর্মসূচির ফলে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।
বিসিকের তথ্য অনুযায়ী, ঋণপ্রাপ্ত ৫১১ উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তা পাবেন ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে, নতুন ২৭৬ উদ্যোক্তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।
এ ঋণ কর্মসূচিতে নারী উদ্যোক্তা রয়েছেন ২৩২ জন এবং পুরুষ উদ্যোক্তা ২৭৯ জন। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা। পুরুষ উদ্যোক্তারা পাবেন ৭ কোটি ৬৩ লাখ টাকা।
আঞ্চলিক কার্যালয় অনুযায়ী, ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা ঋণ দেওয়া হবে।
মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হচ্ছে। খাতগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও খাদ্যজাত পণ্য, বস্ত্র ও বস্ত্রজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত পণ্য, বন ও বনজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রনিকস এবং সেবা খাত। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পাবেন।
বর্তমানে বিসিক নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচি—এই তিনটি কর্মসূচি পরিচালনা করছে।
আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির আওতায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এর মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল তৈরির পরিকল্পনাও রয়েছে বিসিকের।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা প্রকাশ করেন, এ ঋণ কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি দেশের সিএমএসএমই খাত আরও গতিশীল হওয়ার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.