রংপুরের তারাগঞ্জ উপজেলায় তিন যাত্রীকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল মিয়া (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনর ছেলে শাকিল ইসলাম (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত যাত্রীর নাম আতিকুল ইসলাম (৩০)। তিনিও একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আতিকুলের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে তারা নীলফামারীর জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব ১২-৩৯৯০) উঠেছিলেন। বাসভাড়া নিয়ে মুকুল ও শাকিলের সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের কথা-কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা তীব্র আকার নেয়। এর জের ধরে সুপারভাইজার ও হেলপার তাদের তিনজনকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আতিকুলকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রংপুর-সৈয়দ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ রংপুরে মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমরা বাসটি জব্দ করেছি। তবে চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.