ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ কর্মসূচির প্রস্তুতিতে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তাদের কার্যক্রম জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ সময়ের মধ্যে কর্মসূচি-সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি।

আইএমএফের শর্তের কারণে সরকার নতুন কর্মসূচি নিতে দেরি করছে—এমন ধারণা নাকচ করে আমির খসরু বলেন, আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি বলেন, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়ের প্রয়োজন রয়েছে। তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। একই সঙ্গে অর্থনীতি ও ব্যবসায়ীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমির খসরু বলেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করছে। সব অংশীদারের পরিকল্পনা একই কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে কাঙ্ক্ষিত কার্যক্রম বাস্তবায়ন কঠিন হবে। আইএমএফও এ সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.