স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্র তিনটি ব্লক শনাক্ত, রিং বসানোর প্রস্তুতি

হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার বিকেলে তার হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি চলছে।

পরিবারের একজন সদস্যের বরাতে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করার পর গত শনিবার সকালে মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষার ফলাফলে হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লকের অস্তিত্ব পাওয়া যায়। এরপর তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

মন্ত্রীর চিকিৎসা কার্যক্রম চলমান থাকায় তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.