সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবার সুফল পৌঁছাচ্ছে না: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবার মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন এবং এ খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হয় না।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে এসব হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক জায়গায় চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যাচ্ছে।

এ পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এ ধরনের মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব।

এ সময় পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশে সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সংগঠনটি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.