বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের পক্ষ থেকে এ দাবি করা হয়। এ ঘটনার পর আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এ ছাড়া হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত থাকলে আরও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় সামরিক কায়দায় হামলার খবর জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ওই ঘটনায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কারা হামলা চালিয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে বাহরাইনে রাডারে হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়ে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.