বাহরাইনে ইরানের হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে ইরানের হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে এ পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছিল, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সেখানে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলাকারী কারা এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান ও ওমানের মধ্যবর্তী এ গুরুত্বপূর্ণ নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ অঞ্চলে সামরিক উত্তেজনা তেলের সরবরাহ ও দামের ওপর প্রভাব ফেলতে পারে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.