এ বি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ অনন্ত জলিল এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
ঋণের আংশিক টাকা পরিশোধের জন্য দেওয়া ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর এ নোটিশ পাঠায় ব্যাংকটি।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এম এ জলিল অনন্ত, অনন্ত জলিল নামেই পরিচিত।
এমটিবির আইনি নোটিশটি গত ৫ নভেম্বর একটি সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হয়। পান্থপথ শাখার পক্ষে ব্যাংকের প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু নোটিশটি পাঠান।
নোটিশে অনুসারে, ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকটি প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তিতে পরিশোধ করতে হয়।
নোটিশে আরও বলা হয়, ঋণগ্রহীতা পরবর্তীতে ঋণ পরিশোধের নতুন করে নির্ধারিত শর্তগুলো ভঙ্গ করেন।
নোটিশ অনুযায়ী, ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য অনন্ত জলিল ২০২৬ সালের ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করে দেন। ব্যাংকটি গত ২ নভেম্বর বগুড়া শাখার মাধ্যমে চেকটি প্রতিষ্ঠানের হিসাবে জমা দেয়। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
একই দিন বগুড়া শাখা চেক প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে একটি রিটার্ন মেমোও ইস্যু করে বলে নোটিশে জানানো হয়েছে।
ব্যাংকটি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তাঁদের পুরো অর্থ পরিশোধ করতে বলেছে। অন্যথায়,অবআদালতে মামলা দায়ের এবং প্রয়োজনে অন্যান্য আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি খরচ ঋণগ্রহীতাদের বহন করতে হবে।
নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একাধিকবার ফোনে এবং সরাসরি বকেয়া ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এ বিষয়ে অনন্ত জলিলের বক্তব্য জানা সম্ভব হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.