পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।
তিনি জানান, দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাস ভাঙচুর করে এবং বেরিয়ে যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এ সময় অফিসের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাব চিৎকার শুরু করলে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয়রা ছুটে আসেন। পরে তাদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার সকালে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.