রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া দুই দেশের প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ বৈঠক হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানিতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয় গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে আগের বৈঠকের প্রসঙ্গ তোলেন। দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের বিষয়েও গুরুত্ব দেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। এ ক্ষেত্রে তুরস্কের সঙ্গে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.