গত অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমার ক্ষেত্রে স্বস্তি আসেনি।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যে এমনটি জানানো হয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ, যা অক্টোবরে ৬ দশমিক ৮০ শতাংশে নেমেছে। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। অর্থাৎ, খাদ্য ছাড়া দৈনন্দিন অন্যান্য খরচের ক্ষেত্রে মানুষের ওপর আর্থিক চাপ বেড়েছে।
গ্রাম ও শহর-দুই জায়গাতেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৮ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।
শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে উঠেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ।
এদিকে দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসেবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ। তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ মজুরি বাড়ার গতিও কমেছে।
কৃষি, শিল্প ও সেবা-তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬২ শতাংশ হয়েছে। আর সেবা খাতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, আর মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। এতে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। ফলে বাড়তি খরচ সামলাতে সাধারণ মানুষকে চাপের মধ্যে থাকতে হচ্ছে।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি বাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। অন্যদিকে মজুরি বৃদ্ধির হিসাব করা হয় ৬৪ জেলার ৬৩টি পেশার তথ্যের ভিত্তিতে। এর মধ্যে কৃষি খাতের ১৭টি, শিল্প খাতের ৩০টি এবং সেবা খাতের ১৬টি পেশা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.