পূর্বঘোষিত সময়েই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। তবে কয়েকটি ইনস্টিটিউট ও বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এসব বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেড কমানো হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত থাকবে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর। এছাড়া চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.