জামানত ছাড়াই এনআরবি ব্যাংকের ঋণ পাবেন প্রিয়শপের আড়াই লাখ ক্ষুদ্র ব্যবসায়ী

দেশের প্রায় আড়াই লাখ ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে যৌথভাবে কাজ করবে এনআরবি ব্যাংক পিএলসি ও বি-টু-বি রিটেইল প্ল্যাটফর্ম প্রিয়শপ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা চুক্তি সই করেছে। এই অংশীদারত্বের আওতায় খুচরা ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটররা জামানতবিহীন এমবেডেড ক্রেডিট এবং কার্যকরী মূলধন ঋণের সুবিধা পাবেন।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, প্রিয়শপ প্ল্যাটফর্মে প্রতিটি অর্ডার, ডেলিভারি ও পেমেন্টের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হয়। এসব ডিজিটাল লেনদেনের তথ্যের ভিত্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণযোগ্যতা যাচাই করা হবে। ঋণসুবিধা দেওয়া হবে এনআরবি ব্যাংকের নিজস্ব ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে।

এ অংশীদারত্বের আওতায় ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং, রিলোডেবল পে-রোল কার্ড এবং ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিয়শপের ব্যবস্থাপনা পরিচালক আশিকুল আলম খাঁন বলেন, ছোট ব্যবসায়ীদের প্রতিটি ডিজিটাল লেনদেন তাদের আর্থিক পরিচয় গড়ে তোলে। এনআরবি ব্যাংকের সঙ্গে এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরও ভালো অর্থায়নের সুযোগ তৈরি করবে।

এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত বলেন, প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যকর সহায়তা দেওয়াই এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.