দীপাবলি-শ্যামাপূজায় বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ

শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে এক দিনের জন্য বন্ধ রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড ও পণ্য খালাস কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রীদের চলাচলও স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দর সূত্র জানায়, দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে পণ্য খালাস করে যেসব ট্রাক বাংলাদেশে এসেছে, সেগুলো যাতে নিজ দেশে ফিরতে পারে, সে জন্য চেকপোস্ট ও কার্গো শাখা খোলা রাখা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আজ আমদানি-রফতানি বন্ধ রেখেছেন। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ লোড-আনলোড ও পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে আগেই চিঠির মাধ্যমে বেনাপোলের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

এক দিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.