ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় তিন জনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর, নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এবং টিএসসি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে তিন জনকে আটক করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসিতে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা তিন জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.