হামের উপসর্গে মৃত্যু আরও ২, আক্রান্ত ১২২৫

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ শিশু।

রোববার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে এই প্রাণহানি ও সংক্রমণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৭৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৮২ শিশু মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮। এই সময়ে ১ হাজার ১১৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৯২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী, যাদের মধ্যে ২ লাখ ৪ হাজার ৪৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.