সরকারি তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সঠিক তথ্য ছাড়া কার্যকর নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সরকারি কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য বা উপাত্ত। তাই পরিসংখ্যান হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য। এসব তথ্যের ওপর জনগণ, গবেষক ও নীতিনির্ধারকদের আস্থা থাকা জরুরি।
সরকারি তথ্যে কারসাজির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সরকারি উপাত্তে কোনো ধরনের হেরফের করা হলে তা সরকারের নিজের সঙ্গেই প্রতারণার শামিল। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনা তৈরি হওয়া প্রয়োজন।
প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং সরকারের কর্মসূচির সঙ্গে তাঁদের কাজের সমন্বয় প্রয়োজন।
একটি নির্বাচিত সরকারের নীতি ও পরিকল্পনা অনুযায়ী সরকারি কর্মকর্তাদের কাজ করাকে স্বাভাবিক বিষয় বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.