সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।

নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে এবং কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু।

ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.