গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৬-১৭ বছর অন্যায়, অবিচার, দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের মানুষ ভোগান্তির শিকার হয়েছে। এ সময়ে প্রায় তিন হাজার মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে তিনিও একজন।
তিনি বলেন, ‘আমরা ইসলামবিদ্বেষী শক্তির হাত থেকে মুক্ত হয়েছি। মানুষ বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। আমরা সেই হারানো সম্মান পুনরুদ্ধার করতে চাই।’
ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা দেশে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইসলামের মূলনীতি অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কখনো ম্লান হতে দেওয়া হবে না।
জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার নীতি থেকে বেরিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রের পূর্ববর্তী নীতিগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে চান তারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যায়, অবিচার, দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছে। এমনকি খালেদা জিয়ার মতো একজন মানুষকেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে।
দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.