মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি উল্টে শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত তিন বাংলাদেশি শ্রমিক হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার দিন ওই প্রতিষ্ঠানের কর্মীরা একটি কনটেইনার থেকে ৬ ফুট বাই ৮ ফুট আকৃতির ৪১টি ভারী কাচের প্যানেলযুক্ত একটি বাক্স নামানোর কাজ করছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে বাক্সটি উল্টে শ্রমিকদের ওপর পড়ে। এতে কাচসহ ভারী বাক্সটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা মরদেহ তিনটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।
এদিকে কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাবিধি এবং ভারী সরঞ্জাম ওঠানামার ক্ষেত্রে যথাযথ সতর্কতা অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও শ্রম মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.