অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি ও পরিবেশসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেও দুই দেশের মধ্যে কাজের ক্ষেত্র তৈরি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই সঙ্গে প্রকল্পের আওতায় আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.