ছাদের প্রতি ইঞ্চি কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি সামগ্রিক উৎপাদন ব্যয় কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ভবনের ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর দেশের জাতীয় গ্রিডে নতুন করে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। তবে সরকারের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়ানো নয়, উৎপাদনের সামগ্রিক খরচ কমিয়ে আনাও অন্যতম অগ্রাধিকার।

তিনি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

উদ্বোধনী আয়োজনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, দেশি-বিদেশি জ্বালানি খাতের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.