এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে।

যোগাযোগ করা হলে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, ডিসেম্বরের মধ্যে এ বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করতে চাইছে বোর্ডগুলো। ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করা হবে।

এর আগে শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক মাসের মধ্যেই এই বিশেষ সম্পূরক পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেখা গেছে, পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী এবং প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার অকৃতকার্য হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন পরীক্ষায়। তাদের মধ্যে পাস করেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী, আর ফেল করেছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.