ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার পর তারা সড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। তাদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে অংশ নিয়েছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলা পুলিশের একটি দল। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.