হরমুজ প্রণালিতে অনুমোদিত নৌপথ এড়িয়ে চলার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি চলাচলের জন্য নির্ধারিত অনুমোদিত পথ অনুসরণ করছিল না। এ সময় সাগরে পুঁতে রাখা মাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী কিংবা হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইরানের এ দাবির সত্যতাও তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, যে কোনো উপায়েই হোক, যুদ্ধের অবসান হবে শিগগিরই। তেহরানকে হয় চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো যুক্তরাষ্ট্র নিজ উদ্যোগেই যুদ্ধ শেষ করবে। আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি বাণিজ্যিক জাহাজগুলোকে নির্ধারিত পথ ব্যবহারের নির্দেশ দিচ্ছে। অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
এর মধ্যেই গত শুক্রবার ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। পরে ওমানের নৌবাহিনী জাহাজটি থেকে ২৫ নাবিককে উদ্ধার করে।
অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল, প্রণালির দক্ষিণ অংশে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.