আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর ঢাকা সাউথ জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ রাজধানীর আইডিইবি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ এবং খাজা শাহরিয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, এস এম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান সময়ে আমরা নতুন উদ্যমে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে চাই। মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। সর্বোপরি শরিয়াহ্র নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকের প্রধান লক্ষ্য হিসেবে তিনি খেলাপী বিনিয়োগ আদায় এবং ব্যয় সংকোচনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ। এ সময় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফেরদৌস হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ঢাকা (দক্ষিণ) অঞ্চলের ৩৭টি শাখা এবং ১১টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.