ভারতে ছয় আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

ভারতের উত্তরাখণ্ডের জশিমঠ-বদ্রিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। রাজ্যের চামোলি জেলার হাতি পর্বত এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এ ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও রাজ্যের উদ্ধারকারী দল।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বদ্রিনাথ থেকে হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। পরে হাতি পর্বত এলাকায় পৌঁছানোর পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় এলাকায় তুষারপাত হচ্ছিল বলে জানিয়েছে গণমাধ্যম।

হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পরপরই এর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে সেনাবাহিনী, রাজ্যের উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা অংশ নিচ্ছেন।

রাজ্যের কর্মকর্তা চন্দ্রশেখর বিশ্বনাথ জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী, রাজ্যের উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনিও সেখানে যাচ্ছেন।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের বদ্রিনাথ ভারতের অন্যতম পরিচিত তীর্থস্থান। এর আগে ২০২৫ সালের জুনে রাজ্যের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.