বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও লেনদেনসংক্রান্ত বিভিন্ন সময়ে জারি করা সব নির্দেশনাবলী একটি একক নথিতে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি সমন্বিত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ব্যাংকগুলোর লেনদেন, আমদানি বাণিজ্যে ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভার্চুয়াল মুদ্রাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে এটি জারি করা হয়েছে। এর মাধ্যমে ‘গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন-২০১৮’-এর প্রথম খণ্ডে থাকা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমসংক্রান্ত বিদ্যমান নির্দেশনা এবং পরবর্তী সময়ে জারি করা সংশ্লিষ্ট সার্কুলারগুলো রহিত করা হলো। তবে গাইডলাইনের দ্বিতীয় খণ্ডে থাকা মাসিক প্রতিবেদন দাখিলসংক্রান্ত নির্দেশনা পূর্বের মতোই বহাল থাকবে।

নতুন সার্কুলারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও প্রতিবেদন দাখিল, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর লেনদেন এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে অর্থ পরিশোধ ও নিষ্পত্তির নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা, ওপেন পজিশন সীমা, নস্ট্রো হিসাব সমন্বয়, ফরওয়ার্ড লেনদেন ও সোয়াপসংক্রান্ত নির্দেশনাও এতে যুক্ত করা হয়েছে।

একই সঙ্গে আমদানি বাণিজ্যে পণ্যমূল্যের ওঠানামার কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় হেজিংসংক্রান্ত নির্দেশনাও এতে রয়েছে। পাশাপাশি ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর এবং লেনদেনের ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত বিষয়গুলোও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে।

সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নতুন কোনো নির্দেশনা জারি করা হলে তা মূল সমন্বিত সার্কুলারের সঙ্গে মিলিয়ে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্টরা জানান, বিভিন্ন সময়ে ছড়িয়ে থাকা নির্দেশনাগুলো এক জায়গায় আনার ফলে বৈদেশিক মুদ্রাসংক্রান্ত বিধিবিধান খুঁজে পাওয়া ও তা পালন করা আগের চেয়ে অনেক সহজ হবে। এতে অনুমোদিত ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজের স্পষ্টতা বাড়বে এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সুবিধা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.