ইউনিক্লোকে বাংলাদেশের পোশাকশিল্পে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রতিষ্ঠান ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ফাস্ট রিটেইলিংয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষ করে কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন এবং আধুনিক উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

এ ক্ষেত্রে বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে এ চুক্তি সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং প্রতিষ্ঠানটির গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনিই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.