রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পর সানায় হুথিদের ২ উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের রাজধানী সানায় গোষ্ঠীটির দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সোমবার ভোরে চালানো এ অভিযানে হামলায় ব্যবহৃত একটি উৎক্ষেপণ কেন্দ্রও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে জোট।

সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের দিকে হুথিদের ধারাবাহিক হামলা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার জবাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযানটি চালানো হয়েছে। তাঁর দাবি, অভিযানটি আন্তর্জাতিক ও মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

এর আগে রোববার স্থানীয় সময় রাত ৩টা ৪২ মিনিটে রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়। এর প্রায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যে সানায় উৎক্ষেপণ কেন্দ্র দুটিতে অভিযান চালানো হয়।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে। রাজধানী রিয়াদ ছাড়াও দেশটির দক্ষিণাঞ্চল এবং পবিত্র নগরী মক্কার কাছাকাছি এলাকাগুলো এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইত ও আহাদ রাফিদা এলাকায় পড়ে একজন সৌদি নাগরিক ও একজন এশীয় প্রবাসী আহত হয়েছেন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এতে তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগের দিন শনিবারও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় সৌদি কর্তৃপক্ষ। সেদিন পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এর মধ্যে মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ওয়াদি আল-মুগাম্মাস এলাকাও রয়েছে। এ ছাড়া জেদ্দার আল-নুঝা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাস্তুরাহ এলাকায় ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া যায়। এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

রোববার সৌদি-ইয়েমেনি সামরিক জোট দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই দিন দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইত লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।

পরে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় জোট। তাদের ভাষ্য অনুযায়ী, শনিবার তায়েফ, ইয়ানবু ও রিয়াদ লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল।

ধারাবাহিক এসব হামলার মধ্যে সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের অভিযান সৌদি আরব ও ইয়েমেনের সংঘাতকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.