আটকে পড়া ৪০ ইরানি নাবিককে চিকিৎসার জন্য উদ্ধার করেছে শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করা ইরানি তেলবাহী ট্যাংকারের অন্তত ৪০ জন নাবিক জরুরি চিকিৎসার জন্য দেশটিতে যাওয়ার আবেদন করেছেন। মানবিক বিবেচনায় তাঁদের আবেদনে সাড়া দিয়ে শ্রীলঙ্কা সরকার নাবিকদের নিরাপদে গল বন্দরে নিয়ে গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ইরানি ট্যাংকার শ্রীলঙ্কার জলসীমার বাইরে নোঙর করে আছে। এসব জাহাজের নাবিকদের মধ্যে অন্তত ৪০ জন চিকিৎসার জন্য শ্রীলঙ্কায় যাওয়ার অনুরোধ জানান।

রোববার (২৫ অক্টোবর) রাজধানী কলম্বো থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে গল বন্দরে তাঁদের নিয়ে আসা হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো বলেন, নাবিকদের স্থানান্তরের ব্যবস্থা সমন্বয় করে মানবিক দায়িত্ব পালন করেছে সরকার। তাঁদের স্থানান্তর ও চিকিৎসার সব ব্যয় বহন করবে ইরানি দূতাবাস।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গল বন্দরের আশপাশে প্রায় এক ডজন খালি ইরানি তেলবাহী ট্যাংকার নোঙর করে রয়েছে। নিষেধাজ্ঞার কারণে এসব জাহাজের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

এর আগে গত মার্চে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় ইরানের ‘আইআরআইএস ডেনা’ নামের একটি ফ্রিগেট ডুবে যায়। এতে ১০৪ জন নাবিক নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী ওই জাহাজ থেকে ৩২ জন ইরানি নাবিককে জীবিত উদ্ধার করেছিল। এ ছাড়া ইরানের আরেকটি নৌযান দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে আশ্রয় চেয়েছে।

যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে ইরানের তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজ নিজ বন্দরে ফিরতে না পেরে অনিশ্চয়তার মুখে পড়েছে। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করায় সেখানে তাদের চলাচলের স্বাধীনতা রয়েছে।

তবে শ্রীলঙ্কার প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ১২ নটিক্যাল মাইল আঞ্চলিক জলসীমার বাইরে থাকা জাহাজগুলোর ওপর নজর রাখতে নজরদারি বিমান ও টহল নৌকা মোতায়েন করা হয়েছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে অনেক ইরানি বাণিজ্যিক জাহাজ পূর্ব দিকে মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের দিকে সরে গেছে। তবে কয়েকটি জাহাজ এখনো শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.